জুমার নামাজ
জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন। প্রাপ্তবয়স্ক, সুস্থ, মুকীম (মুসাফির নয়) স্বাধীন পুরুষের উপর জামাতের সাথে জুমার নামাজ ফরজ; এটি সেদিনের যোহরের স্থলাভিষিক্ত।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِذَا نُودِىَ لِلصَّلَوٰةِ مِن يَوْمِ ٱلْجُمُعَةِ فَٱسْعَوْا۟ إِلَىٰ ذِكْرِ ٱللَّهِ وَذَرُوا۟ ٱلْبَيْعَ ۚ ذَٰلِكُمْ خَيْرٌۭ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ ٩ فَإِذَا قُضِيَتِ ٱلصَّلَوٰةُ فَٱنتَشِرُوا۟ فِى ٱلْأَرْضِ وَٱبْتَغُوا۟ مِن فَضْلِ ٱللَّهِ وَٱذْكُرُوا۟ ٱللَّهَ كَثِيرًۭا لَّعَلَّكُمْ تُفْلِحُونَ ١٠ইয়া-আইয়্যুহাল লাযীনা আ-মানূ ইযা নূদিয়া লিস্সালা-তি মিন ইয়াওমিল জুমু‘আতি ফাস‘আও ইলা যিকরিল্লা-হি ওয়াযারুল বাই‘ যা-লিকুম খাইরুল লাকুম ইন কুনতুম তা‘লামূন ফাইযা কুদিয়াতিস সালা-তু ফানতাশিরূ ফিল আরদি ওয়াবতাগূ মিন ফাদলিল্লা-হি ওয়াযকুরুল্লা-হা কাছীরাল লা‘আল্লাকুম তুফলিহূন(৯) হে মু’মিনগণ! জুমু‘আহর দিনে যখন নামাযের জন্য ডাকা হয়, তখন আল্লাহর স্মরণের দিকে শীঘ্র ধাবিত হও, ক্রয়-বিক্রয় পরিত্যাগ কর, এটাই তোমাদের জন্য অতি উত্তম, যদি তোমরা জানতে! (১০) অতঃপর যখন নামায সমাপ্ত হয়, তখন যমীনে ছড়িয়ে পড়, আর আল্লাহর অনুগ্রহ সন্ধান কর এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে থাক- যাতে তোমরা সাফল্য লাভ করতে পার।সূরা আল-জুমুআ ৬২:৯-১০
রাকাত
| প্রথম সুন্নাত | খুতবা | ফরজ (জামাতে) | পরের সুন্নাত |
|---|---|---|---|
| ৪ রাকাত | ইমাম দুটি খুতবা দেন — চুপ করে মনোযোগ দিয়ে শোনা ওয়াজিব | ২ রাকাত | ৪ রাকাত (হানাফি মতে এরপর আরও ২ রাকাত) |
জুমার দিনের সুন্নাত ও আদব
- গোসল করা, পরিষ্কার-পরিচ্ছন্ন কাপড় পরা ও সুগন্ধি ব্যবহার করা। (বুখারী ৮৮৩)
- আগে আগে মসজিদে যাওয়া — যে যত আগে যায়, তার সওয়াব তত বেশি। (বুখারী ৮৮১)
- খুতবার সময় কথা না বলা; এমনকি পাশের জনকে “চুপ করো” বলাও অনর্থক কাজ। (বুখারী ৯৩৪)
- বেশি বেশি দরূদ পড়া এবং আসর থেকে মাগরিবের মধ্যে দোয়া করা — এ দিনে এমন একটি মুহূর্ত আছে যখন দোয়া কবুল হয়। (বুখারী ৯৩৫)
- সূরা আল-কাহফ তিলাওয়াত করা।
যে তিনটি জুমা অবহেলা করে ছেড়ে দেয়, আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেন। (আবু দাউদ ১০৫২, তিরমিযী ৫০০) নারী, মুসাফির ও অসুস্থ ব্যক্তির উপর জুমা ফরজ নয়; তারা যোহর পড়বেন, তবে জুমায় শরিক হলে জুমাই যথেষ্ট।